রাজ্য জুড়ে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের প্রসারে এবার ঐতিহাসিক মেগা লগ্নির সিদ্ধান্ত নিল অম্বুজা নেওটিয়া গ্রুপ। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল)-এর সঙ্গে দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে যৌথভাবে প্রায় ২,৭০০ কোটি টাকা বিনিয়োগের মেগা পরিকল্পনার কথা ঘোষণা করল এই শিল্পগোষ্ঠী। একই সঙ্গে শুক্রবার কলকাতা ও শিলিগুড়িতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি ‘অল্টএয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস’-এর আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয়েছে।
শুক্রবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই মেগা লগ্নির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাজ্য জুড়ে পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের আতিথেয়তা পৌঁছে দেওয়াই এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য।
সংস্থার তরফে জানানো হয়েছে, অম্বুজা নেওটিয়া ও আইএইচসিএলের এই বৃহৎ পুঁজি বিনিয়োগ রাজ্যের একাধিক অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে ছড়িয়ে পড়বে। কলকাতা ছাড়াও রায়চক, দিঘা, শিলিগুড়ি, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ের মতো পর্যটন হাবগুলিতে এই অর্থ ব্যয় করা হবে।
এর পাশাপাশি পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা’-র সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়নে পৃথকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্থার সূত্রের খবর, এই অর্থে রিসর্টে নতুন ২৮টি সুসজ্জিত কক্ষ (রুম) যুক্ত হওয়ার পাশাপাশি গড়ে তোলা হবে প্রায় ১৫,০০০ বর্গফুটের এক বিশাল ব্যাঙ্কোয়েট হল। আর ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার মাধ্যমে চালু হওয়া ‘অল্টএয়ার হাউস – আইএইচসিএল সিলেকশনস’-এর সূচনা দুই সংস্থার ব্যবসায়িক সম্পর্কে নতুন মাত্রা যোগ করল।
কলকাতা (নিউ টাউন): ইকোস্পেস বিজনেস পার্কে অবস্থিত প্রপার্টিটিতে রয়েছে ৪২টি অত্যাধুনিক ঘর ও স্যুইট। পুরো প্রপার্টির ইন্টেরিয়র ও স্থাপত্যে বাংলার ঐতিহ্যশালী শিল্পকলা ও সমৃদ্ধ সংস্কৃতির ছাপ স্পষ্ট। এখানে আন্তর্জাতিক মানের ডাইনিং, সিগনেচার লাউঞ্জ এবং নানা সামাজিক অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হয়েছে।
শিলিগুড়ি (উত্তরায়ণ): উত্তরায়ণ টাউনশিপে চালু হওয়া হোটেলটিতে রয়েছে ৬০টি ঘর ও স্যুইট। স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্যের ছোঁয়া রাখা হয়েছে এর ডিজাইনে। পাশাপাশি, এখানে গড়ে তোলা ইনডোর ও আউটডোর মিলিয়ে সুবিশাল ইভেন্ট স্পেসে এক সঙ্গে প্রায় ১,২০০ জন অতিথির আয়োজনের ব্যবস্থা রয়েছে।
এই মেগা লগ্নির বিষয়ে অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সত্যিই অনন্য। হিমালয়ের কোলে পাহাড়ি দৃশ্যপট, নদী, চা-বাগান থেকে শুরু করে এই রাজ্যের প্রাণবন্ত শহর—সব মিলিয়ে পর্যটকদের কাছে এ এক আলাদা আকর্ষণ। রাজ্যের পর্যটন সম্ভাবনার ওপর আমাদের দৃঢ় বিশ্বাস থেকেই এই ২,৭০০ কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত।” একইসঙ্গে তিনি আরও জানান, “আইএইচসিএলের সঙ্গে আমাদের বোঝাপড়া ও আতিথেয়তার দৃষ্টিভঙ্গি একই রকম। ‘অল্টএয়ার হাউস’-এর মাধ্যমে আমরা এমন কিছু প্রপার্টি উপহার দিতে চাই, যার নিজস্ব পরিচয়, বিশেষ রন্ধনশৈলী এবং মানুষের মেলবন্ধনের সুন্দর পরিবেশ থাকবে।”
এর পাশাপাশি আইএইচসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনীত ছটওয়াল জানান, “অম্বুজা নেওটিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। ‘অল্টএয়ার হাউস’ চালুর মাধ্যমে আমাদের এই বন্ধন আরও মজবুত হল। অনন্য ডিজাইন ও উন্নত পরিষেবার মাধ্যমে এই প্রপার্টি দুটি আমাদের আইএইচসিএল সিলেকশনস প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করবে। এই অঞ্চলে পর্যটকদের সেরা অভিজ্ঞতা দিতে এবং আমাদের ব্র্যান্ডের উপস্থিতি বৃদ্ধি করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখ্য, বর্তমানে আইএইচসিএল ও অম্বুজা নেওটিয়া গ্রুপের যৌথ অংশীদারিত্বে দেশের বিভিন্ন প্রান্তে ৮০টিরও বেশি হোটেল ও রিসর্ট পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৫৫টি প্রপার্টি রয়েছে আইএইচসিএলের অবসরযাপন বিষয়ক বিশেষ ব্র্যান্ড ‘ট্রি অব লাইফ’-এর অধীনে। রাজ্যের নতুন এই মেগা লগ্নির ফলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের যেমন নতুন দিগন্ত উন্মোচিত হবে, তেমনই দেশি-বিদেশি পর্যটকদের জন্য বিশ্বমানের পরিকাঠামো গড়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

