মেট্রো ও হাই-স্পিড ট্রেনের আধুনিকীকরণে জোট: পোল্যান্ডের ‘পেসা’-র সঙ্গে চুক্তি সই করল জুপিটার ওয়াগনস

দেশের রেলে বইছে আধুনিকীকরণের হাওয়া। সেমি হাই-স্পিড থেকে শুরু করে মেট্রো এবং আগামী দিনের বুলেট ট্রেনের প্রযুক্তিতে ভারতীয় রেলকে আরও স্বাবলম্বী করতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল ভারতের শীর্ষস্থানীয় রোলিং স্টক প্রস্তুতকারী সংস্থা ‘জুপিটার ওয়াগনস লিমিটেড’ (JWL)। পোল্যান্ডের বৃহত্তম ট্রেন ও ট্রাম নির্মাতা সংস্থা ‘পোযাদযি সজিনোভে পেসা বিদগোস জেস এ’ (PESA)-র সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে সংস্থাটি।

নতুন দিল্লিতে অনুষ্ঠিত ‘পোলিশ-ইন্ডিয়ান ইকোনমিক ফোরাম’-এ দুই দেশের এই স্বনামধন্য সংস্থার প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পোল্যান্ডের ‘পেসা’ সংস্থাটির ইতিহাস ১৮৫১ সাল থেকে বিস্তৃত। ইউরোপজুড়ে মেট্রো, ট্রাম এবং হাই-স্পিড রেলের নকশা তৈরি, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, ভারতে গুডস ওয়াগন এবং রেল যন্ত্রাংশ তৈরিতে জুপিটার ওয়াগনসের উৎপাদন ক্ষমতা ও অভিজ্ঞতা সুবিদিত। এই দুই যৌথ শক্তির মেলবন্ধনে ভারতে ও আন্তর্জাতিক বাজারে আধুনিক প্যাসেঞ্জার ট্রেন, মেট্রো রেট এবং উচ্চগতির রেল গাড়ি তৈরির নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই চুক্তির মাধ্যমে জুপিটার ওয়াগনস শুধু মালবাহী ওয়াগন নির্মাণের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে যাত্রীবাহী রেল পরিবহণের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ সমাধান প্রদানকারী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া এ প্রসঙ্গে বলেন, “ভারতীয় রেল এখন এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন শুধু পৃথক পণ্য তৈরি নয়, রেল ব্যবস্থার সার্বিক সমাধান জরুরি। পেসা-র সঙ্গে এই প্রযুক্তিগত সমন্বয় কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে এবং আমাদের দেশে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার ট্রেন ও আধুনিক যন্ত্রাংশ তৈরিতে সাহায্য করবে।”

অন্যদিকে, ভারতের মতো বিশাল বাজারে প্রবেশ করতে পেরে উচ্ছ্বসিত পেসা-র সিইও ক্রিস্তফ জ়দজিয়ারস্কি জানান, “ইউরোপের বাইরে ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। বহু দিন ধরেই আমরা ভারতের বিশ্বমানের রেল বাজারে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলাম। জুপিটার ওয়াগনসের মতো শক্তিশালী অংশীদার পেয়ে আমরা অত্যন্ত আশাবাদী।”

শিল্প বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ফলে আগামী দিনে দেশের মেট্রো প্রকল্প, বন্দে ভারত সহ বিভিন্ন সেমি হাই–স্পিড এবং প্রস্তাবিত বুলেট ট্রেন প্রকল্পে দেশীয় উৎপাদনে বড় বিপ্লব আনবে এই দ্বিপাক্ষিক চুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =