তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর মেধার অনন্য লড়াই শেষে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর ফ্ল্যাগশিপ কুইজ প্রতিযোগিতা ‘টিসিএস ইনকুইজিটিভ ২০২৬’-এর কলকাতা পর্বে ট্রফি ছিনিয়ে নিল দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস), মেগাসিটি। বুধবার মহানগরের মঞ্চে আয়োজিত এই মেগা কুইজ প্রতিযোগিতায় সেরা হয়ে জাতীয় সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ডিপিএস মেগাসিটির দুই মেধাবী পড়ুয়া দেবায়ুধ দাস এবং ইরাজ সিং।
কলকাতার ঐতিহ্যবাহী বুদ্ধিবৃত্তিক চর্চা ও শিক্ষাক্ষেত্রের উৎকর্ষকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের ৩৭টি নামী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬২টি দল অংশ নিয়েছিল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মধ্যে এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক (ডাঃ) সৈকত মৈত্র। এছাড়া টিসিএস-এর পূর্বাঞ্চলীয় ডেলিভারি সেন্টার প্রধান মনোজিৎ সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।
প্রযুক্তির বিচারেও এবারের ‘টিসিএস ইনকুইজিটিভ’ নতুন মাত্রা যোগ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগিয়ে এই প্রথমবার প্রতিযোগিতায় চালু করা হয়েছে ‘রিয়েল-টাইম এআই-পাওয়ার্ড অ্যানালিটিক্স’। এর মাধ্যমে প্রতিটি পর্বের পর প্রতিযোগীরা নিজেদের পারফরম্যান্সের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখার সুযোগ পায়, যা তাদের নিজেদের খামতি দ্রুত চিহ্নিত করে পরবর্তী ধাপের জন্য তৈরি হতে সাহায্য করেছে।
প্রতিযোগীদের মেধার প্রশংসা করে টিসিএস-এর পূর্বাঞ্চলীয় ডেলিভারি সেন্টার প্রধান মনোজিৎ সেনগুপ্ত বলেন, “কলকাতার কৌতূহলী মন ও জ্ঞানচর্চার ঐতিহ্য আজ এই মঞ্চে নতুন করে প্রমাণিত হল। পড়ুয়াদের বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সমন্বিত দলগত লড়াই সত্যিই প্রশংসনীয়। এই শহর যে বরাবরই দেশের অন্যতম সেরা তরুণ মন তৈরি করে এসেছে, তা আজকের আয়োজন থেকেই স্পষ্ট। জাতীয় সেমিফাইনালের লড়াইয়ের জন্য বিজয়ী দলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা।”
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর ধরে আয়োজিত এই আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মেধা বিকাশ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞানের নানা দিগন্ত (STEM)—যেমন এআই, ক্লাউড কম্পিউটিং, অটোমেশন, বায়োমেট্রিক্স ও রোবোটিক্সের ওপর বিশেষ নজর দেওয়ার পাশাপাশি শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সাম্প্রতিক ব্যবসার গতিপ্রকৃতি, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার মতো বৈচিত্র্যময় বিষয়ও এই কুইজে স্থান পায়। কলকাতা ছাড়াও পুণে, ইন্দোর, বেঙ্গালুরু, আহমেদাবাদ, নাগপুর, হায়দরাবাদ, চেন্নাই, দিল্লি, ভুবনেশ্বর, কোচি এবং মুম্বই—দেশের ১২টি প্রধান শহরে আয়োজিত হচ্ছে এই মেগা ইভেন্ট। সবকটি শহরের সেরা দলগুলোকে নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত জাতীয় চূড়ান্ত পর্ব।

