দেশে নিজেদের চালক ও পার্টনারদের কাজের অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ এবং আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন ফিচার ও সুবিধার ঘোষণা করল উবার। বুধবার আয়োজিত ‘উবার প্রগতি’-র তৃতীয় সংস্করণে এই নতুন পদক্ষেপগুলির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংস্থা সূত্রে খবর, সারা ভারতে ছড়িয়ে থাকা উবারের ২০ লাখেরও বেশি চালক-পার্টনার এর সরাসরি সুফল পাবেন।
নতুন এই উদ্যোগে চালকদের জন্য ফ্লেক্সিবল ড্রাইভিং অপশন, আয়ের নতুন পথ তৈরি এবং গাড়ির ভেতরে সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে ‘উবার ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া’-র সাপ্লাই অপারেশনস অধিকর্তা আদিত্য কাপুর বলেন, “ভারতে চালকদের জন্য সবচেয়ে বিশ্বস্ত ও পছন্দের প্ল্যাটফর্ম হয়ে ওঠাই আমাদের মূল লক্ষ্য। চালকরা যেন নিজেদের সুবিধামতো কাজ করার স্বাধীনতা পান এবং সর্বোচ্চ নিরাপত্তা ও বেশি আয়ের সুযোগ পান, আমরা সেটাই সুনিশ্চিত করতে চাই।”
চালকদের জন্য কী কী সহজ সুবিধা আসছে?
- ফ্লেক্সিবল ড্রাইভ পাস (শিল্প ক্ষেত্রে প্রথম): পার্ট-টাইম ও ফুল-টাইম সব ধরনের চালকদের কথা মাথায় রেখে মাত্র ৬ ঘণ্টা থেকে শুরু করে ১৮০ দিন মেয়াদি সাবস্ক্রিপশন পাসের ব্যবস্থা করা হয়েছে। চালকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী এই ড্রাইভ পাস বেছে নিতে পারবেন।
- হোয়াটসঅ্যাপের মাধ্যমে ‘কুইকস্টার্ট’: উবারে চালক হিসেবে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করতে হোয়াটসঅ্যাপের সাহায্য নেওয়া হচ্ছে। নতুন চালকরা এখন থেকে সহজে ব্যবহারযোগ্য এই চ্যাট অ্যাপের মাধ্যমেই সমস্ত নথিপত্র জমা দিয়ে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
- ‘আগে আয়, পরে মেটাও’ (Earn First, Pay Later): অন্যান্য অ্যাপে ওয়ালেটের ব্যালেন্স শেষ হয়ে গেলে রাইড নেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু উবার চালকদের জন্য অতিরিক্ত ক্রেডিট লিমিট দিচ্ছে। ফলে অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য হয়ে গেলেও চালকরা নগদ ভাড়ার ট্রিপ চালু রাখতে পারবেন এবং কাজে কোনও ব্যাঘাত ঘটবে না।
- ভয়েস নোট ও নতুন চালক অ্যাপ: মেসেজ টাইপ করার ঝামেলা এড়াতে এখন থেকে অ্যাপের মধ্যেই ‘ভয়েস নোট’-এর মাধ্যমে চালক ও যাত্রী একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়া অ্যাপের ইন্টারফেস নতুন করে সাজানো হয়েছে, যেখানে চালকের মোট আয়, ট্রিপের বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আপডেট একটি স্ক্রিনেই পাওয়া যাবে।
সুরক্ষায় বাড়তি জোর ও বাস্তব প্রভাব:
- অ্যাম্বুল্যান্স পরিষেবা (শিল্প ক্ষেত্রে প্রথম): দুর্ঘটনায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ডায়াল ৪২৪২’-এর সঙ্গে চুক্তি করেছে উবার। ২৪ ঘণ্টা চালকদের নিরাপত্তা লাইনের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। জানা গেছে, পরিষেবা চালু হওয়ার প্রথম চার মাসের মধ্যেই ২৫টিরও বেশি দুর্ঘটনায় তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সাহায্য পাঠানো সম্ভব হয়েছে।
- রেকর্ড মাই রাইড: যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে এনক্রিপ্টেড ভিডিও রেকর্ডিং ফিচার যুক্ত করা হয়েছে। সম্প্রতি একটি বিতর্কিত ঘটনায় পুলিশি তদন্তের স্বার্থে এই ভিডিও রেকর্ডিং সত্য উন্মোচনে বড় ভূমিকা নিয়েছে।
- সেফটি কনটেন্ট ফ্ল্যাগ: চ্যাট অপশনে কোনও অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার করা হলে প্রযুক্তি তা রিয়েল-টাইমে চিহ্নিত করবে এবং বার্তা পাঠানোর আগে যাত্রীকে সতর্ক করবে। চালক যদি কোনও আপত্তিকর বার্তা পান, তবে তিনি রাইডটি বাতিল করতে পারবেন এবং এর ফলে তাঁর ট্রিপ বাতিলের হারে (Cancellation Rate) কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
- ড্রাইভার সেফটি হাব: এই ফিচারের মাধ্যমে চালকরা অডিও রেকর্ডিং বা ট্রিপ শেয়ারিংয়ের মতো সুরক্ষা টুলগুলি স্থায়ীভাবে চালু রাখতে পারবেন।
আয়ের নতুন ক্ষেত্র:
দুই চাকা ও চার চাকার চালকদের আয় বাড়াতে বেশ কিছু নয়া ক্যাটাগরি চালু করা হয়েছে।
- বাইক চালকদের জন্য: শহরের বাইরে স্বল্প দূরত্বের সফরের জন্য চালু হয়েছে ‘বাইক ইন্টারসিটি’ (যেমন দিল্লি-মিরাট রুট)। এছাড়া ব্যবসায়িক পণ্য ও পার্সেল পৌঁছে দেওয়ার জন্য ‘উবার ডাইরেক্ট’ এবং শহরজুড়ে ব্যক্তিগত পার্সেল সরবরাহের জন্য ‘উবার পার্সেল’ চালু করা হয়েছে।
- গাড়ি চালকদের জন্য: পোষ্য প্রাণীদের নিয়ে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য চালু হয়েছে ‘উবার পেট’ (Uber Pet)। এর মাধ্যমে চালকরা অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ পাবেন। পাশাপাশি উবারের ‘রেফার অ্যান্ড আর্ন’ প্রকল্পের মাধ্যমে নতুন চালক যুক্ত করে বোনাস পাওয়ার সুযোগ থাকছে।

