রেকর্ড মুনাফা স্টেট ব্যাংকের, ত্রৈমাসিকে নিট লাভ বেড়ে ভারতীয় মুদ্রায় ২১,১২১ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অভাবনীয় সাফল্য অর্জন করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। গত ৩০ শে জুন, ২০২৬ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাংকটি সর্বকালের সেরা ভারতীয় মুদ্রায় ২১,১২১ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.২৩ শতাংশ বেশি। উচ্চতর পরিচালন মুনাফা এবং মাত্র ০.২৭ শতাংশ ঋণ-ব্যয় বা ক্রেডিট কস্ট -এর ওপর ভর করেই এই ঐতিহাসিক মুনাফা সম্ভব হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

​বৃহস্পতিবার মুম্বইয়ে ব্যাংকের আর্থিক ফলাফল প্রকাশ করতে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সি. এস. শেট্টি জানান, বর্তমানে এসবিআই-এর মোট ব্যবসার পরিমাণ ভারতীয় মুদ্রায় ১১০ লক্ষ কোটি টাকা অতিক্রম করে গিয়েছে। এর মধ্যে আমানত ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ কোটি এবং মোট ঋণ বা অগ্রিম ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।

এক নজরে ত্রৈমাসিক আর্থিক সাফল্যের খতিয়ান:

​পরিচালন মুনাফা ও নিট সুদের আয়: ব্যাংকের অপারেশনাল মুনাফা ৯.৭৭ শতাংশ বেড়ে হয়েছে ভারতীয় মুদ্রায় ৩৩,৫২৯ কোটি টাকা। পাশাপাশি নিট সুদের আয় (NII) গত বছরের তুলনায় ১৪.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৪৬,৯৯২ কোটি টাকায়। 

মার্জিন ও লাভজনকতা: গত ত্রৈমাসিকের তুলনায় ৭ বেসিস পয়েন্ট বেড়ে অভ্যন্তরীণ নেট ইন্টারেস্ট মার্জিন দাঁড়িয়েছে ৩.০০ শতাংশ এবং সমগ্র ব্যাংকের NIM ৫ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ২.৮৬ শতাংশ। প্রথম ত্রৈমাসিকে ব্যাংকের রিটার্ন অন অ্যাসেটস ১.১১ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (ROE) ১৭.৮৭ শতাংশে পৌঁছেছে। 

ঋণ প্রদান ও আমানতের ছবি: গত বছরের তুলনায় ব্যাংকের মোট ঋণ প্রদানের পরিমাণ ১৮.৬৩ শতাংশ বেড়েছে। বিশেষ করে খুচরো, কৃষি ও ক্ষুদ্র-মাঝারি শিল্প (RAM) সেগমেন্টে বার্ষিক ১৮.২০ শতাংশ জোরালো বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কৃষি ঋণ ২৫.৪৩%, SME ঋণ ২২.৩৩% এবং খুচরো পার্সোনাল ঋণ ১৫.১৫% বেড়েছে। এছাড়া কর্পোরেট ঋণও ১৮.০৫% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যাংকের মোট আমানত ৯.৭৩% বৃদ্ধি পেয়েছে, যেখানে খুচরো মেয়াদী আমানতে ১৪.৩৯% ও CASA আমানতে ৯.৩০% প্রবৃদ্ধি দেখা গেছে। বর্তমানে ব্যাংকের কাসা অনুপাত ৩৯.২৪ শতাংশ। 

​সম্পদের গুণগত মান ও এনপিএ (NPA): গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে বর্তমানে এসবিআই-এর অ-পরিশোধিত সম্পদ বা এনপিএ সর্ব সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। গ্রস NPA কমে দাঁড়িয়েছে ১.৪৭ শতাংশে এবং নেট এনপিএ নেমে এসেছে মাত্র ০.৩৮ শতাংশে। ব্যাংকের প্রভিশন কভারেজ অনুপাত (PCR) দাঁড়িয়েছে ৭৪.২০ শতাংশে। 

পুঁজির পর্যাপ্ততা: ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকোয়েসি অনুপাত বা সিএআর ১০৪ বেসিস পয়েন্ট উন্নতি করে ১৫.৬৭ শতাংশে উন্নীত হয়েছে। 

ডিজিটাল সাফল্য ও প্রযুক্তিগত উদ্ভাবন:

ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে এসবিআই। ত্রৈমাসিকে খোলা নতুন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ৬৪ শতাংশই খোলা হয়েছে ‘YONO’ অ্যাপের মাধ্যমে। ব্যাংকের মোট লেনদেনের ৯৮.৮ শতাংশই সম্পন্ন হয়েছে বিকল্প ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। বর্তমানে YONO-তে ১০.৫ কোটিরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছেন। 

ব্যবসা সহজতর করতে চেয়ারম্যান জানান, গ্রাহক পরিষেবাকে দ্রুততর করতে ‘SARAL’ প্রকল্পের সম্প্রসারণ করা হয়েছে। বাণিজ্যিক গ্রাহকদের ২৪ ঘণ্টা সহায়তার জন্য চালু করা হয়েছে এজেন্টিক এআই (Agentic AI) চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘YONO Ji’। এছাড়াও ১০ কোটি টাকা পর্যন্ত SME ঋণের দ্রুত অনুমোদনের জন্য ‘MSME Dream’ নামক বিজনেস রুল ইঞ্জিন চালু করা হয়েছে। ঋণগ্রহীতাদের আর্থিক চাপের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে ‘PRISM’ প্ল্যাটফর্মও অত্যন্ত কার্যকর ভূমিকা নিচ্ছে। শ্রী শেট্টি জোর দিয়ে বলেন, ২০৩০ সালে ব্যাংকের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা মাথায় রেখেই প্রযুক্তি নির্ভর ও আধুনিক ভবিষ্যৎমুখী এসবিআই গড়ে তোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =