ভারতের আর্থিক বাজারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল অ্যাক্সিস ফাইন্যান্স লিমিটেড (AFL)। অ্যাক্সিস ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন এই নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি সম্প্রতি তাদের ইতিহাসে সবচেয়ে বড় প্রাইমারি ক্যাপিটাল রেইজ ঘোষণা করেছে। যার মূল্য ২,২৫০ কোটি টাকা।এর মধ্যে ১,৫০০ কোটি টাকা এসেছে রাইটস ইস্যুর মাধ্যমে অ্যাক্সিস ব্যাংক থেকে এবং ৭৫০ কোটি টাকা এসেছে কেদারা ক্যাপিটাল থেকে প্রেফারেনশিয়াল ইস্যুর মাধ্যমে। উল্লেখযোগ্যভাবে, এটি AFL-এর প্রথমবারের মতো কোনও বহিরাগত বিনিয়োগকারীর কাছ থেকে মূলধন সংগ্রহ।
এই মূলধন সংগ্রহ AFL-এর Tier 1 Capital এবং Capital Adequacy Ratio (CRAR) আরও শক্তিশালী করবে। ফলে কোম্পানি ভারতের ক্রমবর্ধমান ক্রেডিট বাজারে আরও গভীরভাবে প্রবেশ করতে পারবে। খুচরা ঋণ, MSME এবং হোলসেল সেগমেন্টে তাদের উপস্থিতি আরও বিস্তৃত হবে। সুরক্ষিত ও অসুরক্ষিত—উভয় ধরনের ঋণ প্রদানে AFL নিজেদেরকে ভারতের অন্যতম শীর্ষ MSME-কেন্দ্রিক ঋণদাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
এই প্রসঙ্গে অ্যাক্সিস ব্যাংকের এমডি ও সিইও অমিতাভ চৌধুরী বলেন, অ্যাক্সিস ফাইন্যান্স দীর্ঘদিন ধরে শক্তিশালী গভর্ন্যান্স ও শৃঙ্খলাপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে একটি উচ্চমানের ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলেছে। এই মূলধন বৃদ্ধি কোম্পানিকে টেকসই বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।
পাশাপাশি অ্যাক্সিস ফাইন্যান্সের এমডি ও সিইও সাই গিরিধরের মন্তব্য, এই মূলধন বৃদ্ধি কোম্পানিকে আরও বড় পরিসরে গ্রাহকদের বিশেষায়িত ক্রেডিট চাহিদা পূরণে সক্ষম করবে। প্রযুক্তি ও জনবল বিনিয়োগের মাধ্যমে তারা গ্রাহকদের জন্য আরও উন্নত সমাধান দিতে পারবেন।
একইসঙ্গে কেদারা ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সুনীশ শর্মা বলেন, অ্যাক্সিস ফাইন্যান্সের বহুমুখি উপস্থিতি এবং শক্তিশালী গভর্ন্যান্স ভারতের ক্রেডিট বাজারে উদীয়মান সুযোগগুলো কাজে লাগানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মূলধন সংগ্রহ শুধু AFL-এর আর্থিক ভিত্তি শক্তিশালী করছে না, বরং ভারতের ক্রমবর্ধমান ক্রেডিট বাজারে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করছে। অক্ষিস ব্যাংকের অব্যাহত সমর্থন এবং কেদারা ক্যাপিটালের অংশীদারিত্ব AFL-কে আগামী দিনে একটি বহুমুখী, শীর্ষস্থানীয় ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।

