ভোটের সকালে নজিরবিহীন চিত্র দেখা গেল ভবানীপুরে। সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েন কালীঘাটের বাড়ি থেকে। পৌঁছে যান চেতলায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন সাধারণত বেলা করে বাড়ি থেকে বের হন। কখনও দুপুর তিনটে, কখনও বিকেল চারটে। তবে এবার নজিরবিহীন ঘটনা। সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে কিছুক্ষণ পরিদর্শন করার পর তিনি চক্রবেড়িয়ার রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের পুরো ১২টা বাজিয়ে দিয়েছে। রিগিং করে ভোটে জেতার চেষ্টা করছে বিজেপি।’ পাশাপাশি অভিযোগ, পোস্টার খুলে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের তুলে নেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, ‘মঙ্গলবার সারা রাত তিনি ঘুমোননি। অবজারভাররা থানায় গিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছেন। শুধু তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। যুব নেতাদের গ্রেফতার করেছে। যার কারণে আমায় চেতলায় যেতে হয়েছে। ববি গিয়ে ছাড়িয়ে নিয়ে এনেছে।’ মঙ্গলবার সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম। সারা রাত এই কাজগুলি করেছি।’ সঙ্গে এও জানান, ‘তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হয়েছে। ধাক্কা দেওয়া হয়েছে।’আর এরপর বুধবার সকালেই বেরিয়ে পড়েছেন। সারাদিন এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বলছে, অর্ডার মানব না। আমাদের সব ছেলেদের তুলে নিচ্ছে। মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি।’

