এলপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নজর কাড়বে ৫০০-ড্রোন

জাঁকজমক করেই শুরু হতে চলেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬। টুর্নামেন্টের ইভেন্ট রাইটস হোল্ডার আইপিজি গ্রুপ এসএসসি কলম্বোতে উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০টি ড্রোনের এক নজিরবিহীন শো আয়োজনের পরিকল্পনা করেছে, যা শ্রীলঙ্কায় কোনও ক্রিকেট ইভেন্টকে ঘিরে আয়োজিত সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী লাইভ বিনোদনমূলক প্রদর্শনীগুলির অন্যতম হতে চলেছে।

পাশাপাশি সংগঠনের তরফ থেকে এও জানানো হয়েছে, এলপিএল ২০২৬-এর টিকিট ১ জুলাই থেকে ‘বুকমাইশো’-এর মাধ্যমে পাওয়া যাবে। ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগেভাগেই টিকিট সংগ্রহ করে এই ঐতিহাসিক উদ্বোধনী সন্ধ্যার অংশ হতে, যেখানে রোমাঞ্চকর টি-২০ ক্রিকেটের পাশাপাশি থাকবে এক অসাধারণ ড্রোন শো, যা শ্রীলঙ্কার দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্টের অভিজ্ঞতা এনে দেবে।

লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ সংস্করণের সূচনালগ্নে এই উদ্বোধনী অনুষ্ঠান টুর্নামেন্টের আবহ তৈরি করবে। ক্রিকেটপ্রেমী, পরিবার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সমর্থক, বিনোদনপ্রেমী দর্শক এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের একত্রিত করে এটি শ্রীলঙ্কার প্রধান টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এক স্মরণীয় সূচনা ঘটাবে।

রাতের আকাশ আলোকিত করবে ৫০০টি সমন্বিত ড্রোন। এই বিশাল ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হবে শ্রীলঙ্কার ক্রিকেট, অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলি, টি-২০ ক্রিকেটের উন্মাদনা এবং আঞ্চলিক ক্রীড়া ও বিনোদন ব্র্যান্ড হিসেবে এলপিএল-এর ক্রমবর্ধমান মর্যাদা।

এই উদ্যোগ এলপিএলকে ঘিরে দর্শকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে আইপিজি গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। শুধু উচ্চমানের ক্রিকেট নয়, স্টেডিয়াম বিনোদন, সম্প্রচার আকর্ষণ এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট প্রোডাকশনের মাধ্যমেও বিশ্বের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলির সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা প্রসঙ্গে আইপিজি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল মোহন জানান, ‘লঙ্কা প্রিমিয়ার লিগ শুধু ক্রিকেট নয়, এটি এমন এক অভিজ্ঞতা তৈরি করার মঞ্চ, যা দর্শকদের মনে দীর্ঘদিন থেকে যাবে। এ বছর আমরা এলপিএল ২০২৬-এর সূচনা এমন এক অসাধারণ আয়োজনের মাধ্যমে করতে চাই, যা টুর্নামেন্টের উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্রমবিকাশকে প্রতিফলিত করবে। ৫০০-ড্রোনের এই শো শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রীড়া আসরের আবহ তৈরি করবে এবং উদ্বোধনী রাতে স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য দর্শকদের একটি শক্তিশালী কারণ দেবে।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘উদ্বোধনী অনুষ্ঠানটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে এটি শুধু ঐতিহ্যবাহী ক্রিকেট দর্শকদের নয়, বিনোদনপ্রেমী বৃহত্তর দর্শকসমাজকেও সমানভাবে আকৃষ্ট করে।একইসঙ্গে আমাদের লক্ষ্য, এলপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানকে এমন একটি ইভেন্টে পরিণত করা, যা কেউ মিস করতে চাইবে না। আমরা চাই পরিবার, তরুণ দর্শক এবং ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামে এসে পরিবেশ উপভোগ করুন এবং শ্রীলঙ্কার ক্রিকেটকে নতুন ও আকর্ষণীয়ভাবে উদযাপনের এই বিশেষ সন্ধ্যার অংশ হয়ে উঠুন। এলপিএল-কে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া ও বিনোদন ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।’

এর পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগের ডিরেক্টর সামান্থা দোদানওয়েলা জানান, ‘এসএসসি কলম্বোতে এলপিএল-এর প্রথম ম্যাচ টুর্নামেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। পরিকল্পিত ৫০০-ড্রোন শো উদ্বোধনী রাতকে আরও স্মরণীয় করে তুলবে। ক্রিকেট ও বিনোদনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এলপিএল ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে এবং এ ধরনের উদ্যোগ আরও বেশি মানুষকে ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করবে। আমরা ক্রিকেটপ্রেমী, পরিবার এবং তরুণ দর্শকদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এলপিএল ২০২৬-এর এই রোমাঞ্চকর সূচনাকে সফল করে তোলার আহ্বান জানাচ্ছি।’

এদিকে সংগঠনের আশা, এলপিএল ২০২৬এর উদ্বোধনী অনুষ্ঠান একই সঙ্গে নতুন মরসুমের আনুষ্ঠানিক সূচনা করবে, যেখানে অংশ নেবে পাঁচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি, শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় ক্রিকেটার এবং আন্তর্জাতিক টি২০ তারকারা। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং ক্রমশ তীব্র হয়ে ওঠা ফ্র্যাঞ্চাইজি প্রতিদ্বন্দ্বিতা এবারের এলপিএলকে আরও আকর্ষণীয় করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =