কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রয়োগ চিকিৎসা বিজ্ঞানের এক মাইলস্টোন। রোগীদের জন্য এক নতুন আলোর দিশা আনতে চলেছে AI। INDISETU KOLKATA 2026-এর মূল আলোচ্য বিষয় AI এর ব্যবহার কীভাবে চিকিৎসার ব্যবস্থার খোল নলচে পাল্টে দিতে পারে। ১৫ জুলাই তাজ তালকুটিরে আয়োজিত INDISETU KOLKATA 2026 এর উচ্চপর্যায়ের বৈঠকে একত্রিত হয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR), ইন্ডিয়ান স্ট্যাস্টিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI), AIIMS, IIT খড়্গপুর, অ্যাপোলো হাসপাতাল অ্যাকাডেমিয়া, রাজ্য সরকার এবং শিল্প সংস্থা। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণে দপ্তরের মন্ত্রী খ্যাতনামা চিকিৎসক ডা. শ্বারদ্বত মুখোপাধ্যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য পরিষেবার প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকগণ। স্বাস্থ্য সংক্রান্ত নিখুঁত পরিসংখ্যান বজায় রাখার পাশাপাশি, ডাক্তারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যবিমা, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকে AI এর ব্যবহারের আখেরে রোগীদের লাভ হবে। আশা করা যায় হাসপাতালের ওপর চাপ কমবে। এই প্রসঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে কাজের সুযোগ কমে যাবে। কিন্তু আদৌ তা নয়, চাকরি হারানো নয় বরং প্রযুক্তির হাত ধরে বিশ্বের চাকরির বাজারে এক বড়সড় বদল আসতে চলেছে। বিভিন সেক্টরে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হতে চলেছে।
এই প্রসঙ্গে INDISETU –র প্রতিষ্ঠাতা সিনিয়র কনসাল্ট্যান্ট ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ জানান, অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে তা কার্যকর করাতে AI যে একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর INDISETUর প্রধান উদ্দেশ্য আগামী দিনের স্বচ্ছ ও উন্নতপ্রযুক্তির স্বাস্থ্য ব্যবস্থা তৈরির মধ্যে এক সেতুবন্ধন তৈরি করা।
এই উচ্চ পর্যায়ের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) র আন্তর্জাতিক পর্যায়ের ডিজিটাল হেলথ এবং AI ফ্রন্টিয়ার টেকনোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. রাজেশ্বরী সিং, ICMR–NIRDH এর অধিকর্তা ডা. মোনা দুগ্গাল, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা প্রোফেসর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, , AIIMS দিল্লির অধ্যাপক ডা. দীপিকা মিশ্র, খ্যাতনামা রোবোটিক সার্জন ডা. প্রখর দাসগুপ্ত, অ্যাপোলো হসপিটাল ডিভিশনের প্রেসিডেন্ট ও সিইও ডা. মধু শশীধর, ডা. অর্ঘ্য সেনগুপ্ত প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

