শেয়ার বাজারে বিনিয়োগের নানা জটিল নিয়মকানুন সাধারণ মানুষের কাছে সহজ করে তুলতে নতুন উদ্যোগ নিল ‘সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (ইন্ডিয়া) লিমিটেড’ (সিডিএসএল)-এর ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (আইপিএফ)। ভারতীয় ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘অমর চিত্র কথা’-র সহায়তায় তৈরি করা হয়েছে একটি বিশেষ বহুভাষিক অ্যানিমেটেড ছবি। লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের সর্বস্তরের মানুষকে পরিকল্পিত বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলা সম্পর্কে সচেতন করা। ‘দ্য গার্ডেন অফ প্রসপারিটি’ নামের এই অ্যানিমেটেড ছবিটিতে দেখা যাচ্ছে রূপক চরিত্র আকবর ও বীরবলকে। এক নবদম্পতি কীভাবে বিয়ের উপহারে পাওয়া অর্থ সঠিক জায়গায় কাজে লাগাবে, সেই পরামর্শ দিচ্ছেন প্রবীণ বীরবল। একটি নতুন বাগান তৈরির উপমার মাধ্যমে এখানে শেখানো হয়েছে বিনিয়োগের মূল পাঠ। বলা হয়েছে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, ঝুঁকি কমাতে একাধিক খাতে মূলধন ছড়ানো (ডাইভারসিফিকেশন), নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী সঠিক তহবিল নির্বাচন এবং আপৎকালীন সময়ের জন্য পৃথক জরুরি তহবিল (ইমার্জেন্সি ফান্ড) গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা। ছবিটি মোট ১২টি ভাষায় তৈরি হয়েছে— বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম, ওড়িয়া এবং অসমীয়া। সংস্থার আধিকারিকদের আশা, এই বহুভাষিক উপস্থাপনার ফলে শহর ও গ্রাম—উভয় অঞ্চলের বিনিয়োগকারীদের কাছেই স্পষ্ট বার্তা পৌঁছবে। উদ্যোগটি প্রসঙ্গে সিডিএসএল আইপিএফ সচিবালয়ের প্রধান সুধীশ পিল্লাই বলেন, ‘জটিল আর্থিক বিষয়কে যখন সহজ ও চেনা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়, তখন সাধারণ মানুষ তা সবচেয়ে দ্রুত গ্রহণ করতে পারেন। আকবর-বীরবলের চেনা গল্পের সঙ্গে বাস্তবমুখী এই আর্থিক পাঠ যুক্ত হওয়ায় সব বয়সের মানুষের পক্ষেই বিষয়টি বোঝা সহজ হবে। আশা করি, এতে সাধারণ বিনিয়োগকারীরা আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে দেশের সিকিউরিটিজ মার্কেটে অংশগ্রহণ করবেন।’
উল্লেখ্য, এর আগেও ‘অমর চিত্র কথা‘-র সঙ্গে জুটি বেঁধে ‘দ্য আনঅফিসিয়াল ওস্তাদ‘ কিংবা ‘দ্য গোল্ডেন পিকক ফ্রড‘-এর মতো শিক্ষণীয় কমিকস প্রকাশ করেছে সিডিএসএল আইপিএফ। দেশজুড়ে ‘আত্মনির্ভর বিনিয়োগকারী‘ (#AtmanirbharInvestor) গড়ে তোলার লক্ষ্যেই এই লাগাতার প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।

